চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ককটেল ও পাথর হামলার ঘটনায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। ফলে এ সময় কোনো বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস অনুষ্ঠিত হয়নি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার ঘটনায় শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত এক ঘণ্টার কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত বলে জানান তিনি।
১০ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষকদের ওপর ককটেল ও পাথর নিক্ষেপ করেন ছাত্রশিবিরের কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন। তবে শিবির হামলার অভিযোগ অস্বীকার করে।
এদিকে হামলার পরদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক সমাবেশে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ এক ঘণ্টার কর্মবিরতি পালিত হলো।