চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ১ ঘণ্টার কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ককটেল হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল শনিবার থেকে এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস নেননি শিক্ষকেরা। হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
ছাত্রলীগ ও পুলিশ অভিযোগ করছে, বুধবার সকালে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে শিক্ষকদের বাসে ককটেল হামলা চালান ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন। পুলিশ বলছে, আবাসিক হলে বৈধ ছাত্রদের তুলে দেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির এই ধর্মঘট ডেকেছে। ধর্মঘট পালনে শিক্ষকদের বাধ্য করতে তারা এই হামলা চালিয়েছে।
হামলার পরদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত এক ঘণ্টার কর্মসূচি শনিবার থেকে শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস হয়নি। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে।’
মুস্তাফিজুর রহমান আরও বলেন, ১৭ সেপ্টেম্বর শিক্ষক সমিতির জরুরি সভা হবে। এই সভায় সমিতির পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।
এদিকে গতকাল সন্ধ্যার দিকে পুলিশ ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হলের পাশের দ্বীপ মঞ্জিল নামের একটি ভবন থেকে একটি পেট্রলবোমা, কিছু রড ও পাথর, শিবিরের সাংগঠনিক বই এবং সিডি উদ্ধার করেছে। ওই ভবনটি শিবির কর্মীরা মেস হিসেবে ব্যবহার করতেন। অভিযানের সময় সেখানে কেউ ছিল না।
চার শিবির নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ: শুক্রবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে আটক শিবিরের চার নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল প্রথম আলোকে বলেন, ‘ওই চারজন হলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ইমান হোসেন ও মোস্তাফা কামাল, আরবি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নুরুল আমিন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনসারুল হক। প্রথম দুজন শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে আছেন ও বাকি দুজন কর্মী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন আজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিন, অর্থ এবং একাডেমিক কমিটির নির্বাচন আজ রোববার। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার হচ্ছেন ৭১৬ জন শিক্ষক।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্বাচনে অংশ নিচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আওয়ামী লীগ ও বামপন্থী-সমর্থিত শিক্ষকদের সংগঠন হলুদ প্যানেল এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি চেতনায় উদ্বুদ্ধ বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা প্যানেল। এ ছাড়া এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।