চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আবাসিক হল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামরুল হুদা, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতিসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবার যেন আবাসিক সুবিধা নিশ্চিত হয়, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। এই বিশ্ববিদ্যালয় আরও সুন্দরভাবে চলুক এটাই আমাদের কাম্য। এখানে ছাত্রছাত্রী যারা থাকে, তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। শিক্ষকদের জন্য ডরমেটরি নির্মাণ এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য যদি কোনো প্রকল্প নেওয়া হয়, সরকার অবশ্যই সেটা বাস্তবায়নে পদক্ষেপ নেবে।’
প্রধানমন্ত্রী কনফারেন্সে আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা। দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে অবশ্যই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ কখনো দারিদ্র্যমুক্ত হতে পারে না। তাই শিক্ষার উন্নয়নে আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনা আবাসিক হলের উদ্বোধন করেছেন। বঙ্গবন্ধু হলে ১৬০ এবং জননেত্রী শেখ হাসিনা হলে ৩৪০টি আসন তৈরি হয়েছে। এ দুটি হল খুলে দেওয়া হলে শিক্ষার্থীদের আবাসিক সংকট অনেক কেটে যাবে।