চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকসহ তিনজন কারাগারে
দুর্নীতির মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ এফ এম মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।
এই তিনজন হলেন সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জি এম এ লতিফ খান, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী হাবিবুর রহমান ও সেকশন অফিসার নাছির উদ্দিন।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, ১৯৯২ সালের স্নাতক (পাস) পরীক্ষায় ১৪টি উত্তরপত্র সন্দেহজনক হওয়ায় ফলাফল স্থগিত রাখতে তিন কর্মকর্তাকে আদেশ দিয়েছিলেন তত্কালীন সমাজবিজ্ঞান অনুষদের ডিন। কিন্তু সেই আদেশ অমান্য করে তিন কর্মকর্তা ১৪টি উত্তরপত্রে ঘষামাজা করে পাস দেখান। এ ঘটনায় তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক ১৯৯৭ সালের ৩০ নভেম্বর মামলা করেন। তদন্ত শেষে গত ১৭ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের কর্মকর্তা মাহমুদুর রহমান। অভিযোগপত্রটি জজ কোর্ট থেকে বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আসে। আজ ধার্য দিনে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।