চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ কর্মীকে স্থায়ী বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের কর্মী মো. মাসুমকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অপর অভিযুক্ত বহিরাগত মো. আলীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাসুম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের অনুসারী। মো. আলী বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর কর্মচারীর ছেলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, যৌন নিপীড়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটি মাসুম ও আলীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মাসুমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও আলীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নিপীড়নের ঘটনায় জড়িত ছাত্রলীগের কর্মীকে স্থায়ী বহিষ্কারের সংবাদে মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনকারী ছাত্রীরা। তাঁরা বলেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবিষ্যতে এ রকম কিছু করার সাহস করবে না কেউ। তাঁদের মতে, আন্দোলনের সময় যারা হুমকি দিয়েছিল, তারাও এর মধ্য দিয়ে উচিত জবাব পেয়েছে।
গত ২০ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ছাত্রাবাসে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশায় এক ছাত্রীকে যৌন নিপীড়ন করেন মাসুম। পরে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন ওই ছাত্রী। এ ঘটনায় ২০ মে মো. আলী ও ২১ মে মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে দুজনই নারী নির্যাতন মামলায় জেলহাজতে আছেন।