চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতের আমির ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গ্রেপ্তারের চার দিনেও হাবিবুর রহমানের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে গত শনিবার প্রথম আলোয় ‘সেই শিক্ষকের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই কর্তৃপক্ষের’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর একক ক্ষমতাবলে চাকরিবিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী বলেন, ‘শিক্ষকদের চাকরিবিধির ১৫ নম্বর ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর একক ক্ষমতাবলে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। আজ থেকে তাঁর বরখাস্ত-আদেশ কার্যকর হবে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত্ থাকবে।’

সম্প্রতি চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের দলীয় কার্যালয়ে থেকে নগর জামায়াতের আমির শামসুল ইসলাম ও হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ায় তাঁর বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। হাবিবুর রহমান ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতের আমিরের দায়িত্বে পালন করে আসছিলেন।