চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতকাল শনিবার শুরু হয়েছে। তবে এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। পুলিশ দুপুরে মো. সুমন ওরফে মামুন নামের এক ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করেছে।বিশ্ববিদ্যালয় প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নির্ধারিত ক্লাস-পরীক্ষা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও সব ছাত্রাবাসের মূল ফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ক্যাম্পাস ও নগরে চলাচলকারী শাটল ট্রেনের প্রত্যেক বগিতে এবং রেল স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়। গত ২৯ ও ৩০ এপ্রিল ছাত্রলীগ-সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন পক্ষের মধ্যে তিন দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে আটজন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কর্তৃপক্ষ ১১ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। ১ মে কর্তৃপক্ষ সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১১ দিনের জন্য স্থগিত করে।এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত পরিদর্শক দল সকালে ক্যাম্পাসগামী শাটল ট্রেনের প্রত্যেক বগি পরিদর্শন করেছে। পরিদর্শক দলের সদস্য ও সহকারী প্রক্টর মো. সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ (শনিবার) শাটল ট্রেনের বগিভিত্তিক দলগুলোর কোনো তৎপরতা দেখা যায়নি।কর্তৃপক্ষ শাটল ট্রেনের বগিগুলোর ভেতর-বাইরের সব লেখা মুছে দিয়ে শিক্ষার্থীদের বগিভিত্তিক দলবাজিতে নিরুৎসাহিত করতে বিভিন্ন স্লোগান লেখা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সব ছাত্রাবাসে আকস্মিক পরিদর্শনের জন্য পাঁচজন করে দুটি কমিটি করা হয়েছে। পরিসংখ্যান বিভাগের শিক্ষক মনীন্দ্র কুমার রায় এবং রসায়ন বিভাগের এ কে এম শাহাজাহান কবিরকে দুই কমিটির প্রধান করা হয়েছে।প্রক্টর আকতার হোসেন বলেন, ছাত্রাবাসগুলোর প্রশাসনকে সহযোগিতার জন্য দুটি কমিটি করা হয়েছে।এদিকে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যায়ের দুই নম্বর গেট এলাকা থেকে গ্রেপ্তার করা ছাত্রলীগ-কর্মী সুমন রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।