চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বলে কথা!
বহিষ্কারের মেয়াদ শেষ হওয়ার আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নেতার নাম আবু তৈয়ব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। ৭ নভেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁকে তিন মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন ‘লোকপ্রশাসন তথ্য ও সমস্যা’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষায় অংশ নেন আবু তৈয়ব।এ প্রসঙ্গে লোকপ্রশাসন বিভাগের সভাপতি কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর (আবু তৈয়ব) শাস্তি মওকুফ করে দেওয়ায় আমরা তাঁকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি।’ বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আবু তৈয়ব ভবিষ্যতে কোনো প্রকার শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে চূড়ান্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।