চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ সোহাগ হাওলাদার নামের একজন শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া বলেন, সোহাগের কক্ষ থেকে তাঁর হাতে লেখা চিরকুট উদ্ধারের পর তাঁরা একে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছেন।শাহজালাল হলের ৩৩৩ নম্বর কক্ষ থেকে সোহাগের লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধীন অর্থ ও ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির পূর্ব মাইজপাড়ায়।শাহজালাল হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শাহেদ বীন ছাদিক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোহাগ গত বুধবার রাতে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করে হলে নিজ কক্ষে ঢোকেন। কক্ষে তিনি একা থাকতেন। গতকাল সকাল নয়টার দিকে তাঁর বাবা তাঁকে ফোনে না পেয়ে পাশের কক্ষের আবাসিক ছাত্র মাজেদকে ফোন করেন। মাজেদ সোহাগের কক্ষের সামনে এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে কক্ষের ভেতরে উঁকি দেন। এ সময় তিনি সোহাগের ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি বিষয়টি হলের কর্মকর্তা ও কর্মচারীদের জানান। পরে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শাহেদ বীন ছাদিক বিষয়টি সোহাগের পরিবারকে জানান।দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের মামা এস এম মুনির ও তাঁর এক চাচাতো ভাইয়ের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ তাঁর কক্ষের একটি বোর্ডে সাঁটানো একটি চিরকুট উদ্ধার করে। সূত্রমতে, মা-বাবার উদ্দেশে লেখা চিরকুটে সোহাগ উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ছাড়া তিনি চিরকুটে মা-বাবার জন্য ব্যাংকে ২২ হাজার ও ট্রাংকে নয় হাজার টাকা রেখে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন।সোহাগের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোহাগ অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সম্প্রতি সে বন্ধু ও হলের ছাত্রদের সঙ্গে খিটখিটে আচরণ করত।’ তিনি জানান, সোহাগের মাইগ্রেনের ব্যথা ছিল।