চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজমীর হোসেন নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শাহ আমানত হলের বিপরীত পাশে অবস্থিত বেসরকারি ছাত্রাবাস বায়েজিদ বোস্তামি কটেজের একটি কক্ষ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।ক্যাম্পাস সূত্র জানায়, নিহত আজমীর হোসেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। বাবার নাম মো. আবদুল কাদের। চার ভাইয়ের মধ্যে আজমীর সবার বড়। তাঁর ছোট ভাই শামীম একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।সূত্র জানায়, আজমীর ওই কটেজের ১০২ নম্বর কক্ষে থাকতেন। তাঁর ভাই শামীম ১১১ নম্বর কক্ষে থাকেন। আজমীরের কক্ষে আরও একজন ছাত্র থাকেন। কিন্তু তিনি গ্রামের বাড়িতে চলে যাওয়ায় কয়েক দিন ধরে আজমীর ওই কক্ষে একাই ছিলেন। আজমীরের বন্ধু মোস্তফা বিন কামাল সাংবাদিকদের জানান, আজমীর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে পারেননি। এ হতাশায় আত্মহত্যা করতে পারেন। বড় ভাইয়ের লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন শামীম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান প্রথম আলোকে বলেন, আজমীরের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি তাঁর পরিবারকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা।হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আকতার সাংবাদিকদের বলেন, কটেজের একটি কক্ষ থেকে আজমীরের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।