চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিবির তোষণকারী হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ অভিযোগ তুলে প্রক্টর মোহাম্মদ জসীমউদ্দিন, সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার ও ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরীর পদত্যাগের দাবি জানায় সংগঠনটি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রলীগ এ নিয়ে এক সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্যে ছয় দফা দাবি জানায় ছাত্রলীগ। দাবিগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুনুর রশীদ কায়সার হত্যাকারীদের শাস্তি, ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্যাম্পাসে মিছিল-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ‘প্রগতিশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ড’ পরিচালনার সুযোগ সৃষ্টি, ছাত্রলীগ নেতা-কর্মী ও সাধারণ ছাত্রছাত্রীর ওপর হামলাকারী বহিরাগতদের গ্রেপ্তার ইত্যাদি।এতে আরও বলা হয়, শিবিরকে তোষণ করে চবি প্রশাসন প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে গলা টিপে হত্যার অপচেষ্টা চালাচ্ছে। উদাহরণ দিয়ে বলা হয়, ২০০৯ সালের ১৪ মে শিবিরের হামলায় ছাত্রলীগের অনেক নেতা-কর্মী আহত হলেও প্রশাসন ছিল নিশ্চুপ। কিন্তু ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোক মিছিল করলে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।