চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলক্রসিং পার হতে গিয়ে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে রেললাইনে আটকে পড়ে ট্রাক। ঠিক ওই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন এসে ধাক্কা দেয় ট্রাকটিকে। ইঞ্জিনের ধাক্কায় ট্রাকের এক পাশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই রেলক্রসিংয়ে গেটকিপারের ব্যবস্থা নেই। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি সকাল ১০টার নগরের ক্যান্টনমেন্ট স্টেশনে প্রবেশের সময় স্টেশনের একটু আগে রেললাইনের ওপর থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি রাস্তা পার হতে গিয়ে রেললাইনের ওপর আটকে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রেন থেকে নেমে ট্রাকটি ভাঙচুর করেন। দুপুর ১২টার দিকে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়।