চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সুষ্ঠু তদন্ত চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য যৌথ বিবৃতিতে বলেন, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং এ ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করছে। ঘটনাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানায় শিক্ষক সমিতি। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এদিকে দিয়াজ ‘হত্যার’ বিচার দাবিতে কাল শুক্রবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তাঁর অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। সচেতন ছাত্রছাত্রীর ব্যানারে গতকাল সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
দিয়াজের অনুসারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন প্রথম আলোকে বলেন, ‘আমাদের একটি দাবি মেনে নিলেও বাকি চারটি দাবি এখনো পূরণ হয়নি। এ ছাড়া হত্যা মামলার আসামিরা সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ হুমকির প্রতিবাদে শুক্রবার মানববন্ধন করা হবে।’
গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে অব্যাহতি দেয়। সেদিন বিকেলে অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করেন দিয়াজের অনুসারীরা। এর আগে দিয়াজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করাসহ পাঁচ দফা দাবিতে রোববার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। দিয়াজের অনুসারী নেতা-কর্মীদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অপসারণ ও চাকরিচ্যুত করা। অন্য দাবিগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, দিয়াজের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন বাতিল করে নতুন করে ময়নাতদন্ত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের দরপত্রকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আড়াই মাস ধরে একের পর এক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল। তাঁকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। দিয়াজের পরিবার ও ছাত্রলীগের একটি অংশ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাঁদের দাবি, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে খুনিরা।