চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।   

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার ৮৬২ জন। তাঁদের মধ্যে আগাম ভোট দিয়েছেন ১১২ জন শিক্ষক। সমিতির ১১টি পদের বিপরীতে দুটি প্যানেলের ১১ জন করে মোট ২২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার এম এ গফুর বলেন, বাণিজ্য অনুষদ মিলনায়তনে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 

হলুদ দলের সভাপতি পদপ্রার্থী ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব আশা প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলকে বিগত বছরগুলোর মতো এবারও শিক্ষকেরা ভোট দিয়ে জয়ী করবেন।

সাদা দলের সভাপতি পদপ্রার্থী দর্শন বিভাগের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে বলে আমরা খুশি। নির্বাচনে হার-জিত আছে। তবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’