চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd)-এ ফল প্রকাশ করা হয়। গত রোববার সকালে ব্যবসায় প্রশাসন শাখার শিক্ষার্থীদের ‘সি-১’ ইউনিট এবং দুপুরে বিজ্ঞান শাখার ‘সি-৩’ ও মানবিক শাখার শিক্ষার্থীদের ‘সি-২’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে পরীক্ষার ফলাফল জানা যাবে।প্রশাসন সূত্রে জানা গেছে, ‘সি-১’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের (পরীক্ষায় ৭৪.৭৫-৫৩ নম্বরপ্রাপ্ত) মৌখিক পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে। ‘সি-২’ ইউনিটে ৬১.২৫ -৪০ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ও ‘সি-৩’ ইউনিটে ৬৪.৭৫-৪৭.৭৫ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ২০ নভেম্বর একই ভবনে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল নম্বর ফর্দ এবং উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে।এদিকে গতকাল সোমবার ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন সকালে ‘এইচ’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং দুপুরে ‘জি’ ইউনিটের (মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহারের কারণে মোহাম্মদ শামসুজ্জামান নামের এক ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।