চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করেছেন আন্দোলনকারী নেতা-কর্মীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে প্রক্টরিয়াল বডি থেকে অব্যাহতি দেওয়ার পরই এ অবরোধ শিথিল করা হয়। গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের অবরোধ চলছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি শোভন দাস, আইন সম্পাদক আবু সাঈদ, পাঠাগার সম্পাদক আবুবকর তোহা, ছাত্রলীগের সহসভাপতি নাজিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের ভাষ্য, পাঁচটি দাবির মধ্যে একটি দাবি মানায় অবরোধ শিথিল করা হয়েছে। তবে দাবি আদায়ের এ আন্দোলন চলবে।

পাঁচ দফা দাবির রয়েছে দিয়াজ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে প্রক্টরিয়াল বডি থেকে দ্রুত অপসারণ ও চাকরিচ্যুত করা, এই হত্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ, দিয়াজ হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, আগের ময়নাতদন্ত বাতিল করে আবারও ময়নাতদন্ত করা ও শিক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল।

দিয়াজকে হত্যা করা হয়েছে—এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। দিয়াজের পরিবার ও ছাত্রলীগের একটি অংশ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে খুনিরা।

হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নয় নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী।