চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইসিটি ইনোভেশন সেন্টার হবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু আইসিটি ইনোভেশন সেন্টার’ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পাশে ৫ একর জায়গায় এটি নির্মাণ করা হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।
সেমিনারের বিষয় ছিল ‘দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ’। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস আছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সরকার তথ্যপ্রযুক্তিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে আইটি পেশাজীবীর সংখ্যা আড়াই লাখ। আগামী তিন বছরে এ সংখ্যা ১০ লাখে উন্নীত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ লাখ। এখন এই সংখ্যা ৫ কোটি ৬০ লাখে উন্নীত হয়েছে।ÿইন্টারনেটের দাম কয়েক ধাপে কমিয়ে আনার কারণে এটা সম্ভব হয়েছে।
সেমিনারে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে গত কয়েক বছরে যে বিপ্লব হয়েছে, তা অবাক করার মতো। এ বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণ প্রজন্ম আলোকিত মানবসম্পদে পরিণত হবে। তাহলে ২০২১ সাল নয়, ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে শিক্ষিত ও তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ। তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষেরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য শিরীণ আখতার। সেমিনারটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক নাহিদ নেওয়াজ।
সেমিনারে ‘তরুণরাই গড়বে উন্নত বাংলাদেশ’ ও ‘তথ্যপ্রযুক্তি ক্যারিয়ার ক্যাম্প’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিমন্ত্রী ‘মুক্তিযুদ্ধ ৭১’ নামে একটি ভিডিও গেমের অ্যান্ড্রয়েড ভার্সন উদ্বোধন করেন। সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এক্সিম ব্যাংকের সৌজন্যে ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী।