চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোহাম্মদ শাহজাহান নামের আরও এক ভর্তি-ইচ্ছুককে আটক করা হয়েছে। ‘ডি-১’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) সাক্ষাৎকার চলাকালে তাঁকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে আটক করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ ফয়সাল নামের দুজন ভর্তি-ইচ্ছুক সমাজবিজ্ঞান অনুষদের মানবিক শাখার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় মোহাম্মদ শাহজাহান উত্তরপত্রে মোহাম্মদ ফয়সালের নাম উল্লেখ করেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফয়সালের বদলে শাহজাহান সাক্ষাৎকার দিতে আসেন। কিন্তু উত্তরপত্রের সঙ্গে অন্যান্য কাগজপত্রের অসংগতির কারণে তাঁকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘শাহজাহান উত্তরপত্রে আরেক ভর্তি-ইচ্ছুকের নাম উল্লেখ করেন। সাক্ষাৎকারে জিজ্ঞাসাবাদ করলে জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁর অভিভাবককে খবর দেওয়া হয়েছে।’উল্লেখ্য, এবারের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ ধরনের জালিয়াতির অভিযোগে আরও চারজনকে আটক করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।