চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদীচীর বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নৃত্য, আবৃত্তি, নাটক মঞ্চায়নসহ নানা আয়োজনে গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বসন্ত উৎসব উদ্যাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সকালে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বসন্ত তারুণ্যের প্রতীক। ঋতুরাজ বসন্তের অভিষেক এই রূপসী বাংলায় শীতের শূন্যতাকে বিদায় জানায়। বসন্তে গাছের শাখা-প্রশাখায় নতুন সবুজপত্র বিকশিত হতে থাকে। পলাশ, কৃষ্ণচূড়া আর শিমুলের ডালে যেন লাল ফাগুনের আগুন লাগে। এ আগুন জীবনে তারুণ্য, গতি ও সৃজনশীলতায় উল্লাসে মেতে ওঠার আগুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা উদীচীর সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, কবি ইউসুফ মুহাম্মদ প্রমুখ।
উৎসবে আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থী দুরদানা চৌধুরী, রেজা ই রাব্বী, তাসমিনা জাহান। গান শোনান বৃষ্টি দত্ত, অদিতি বিশ্বাস, সুস্মিতা বড়ুয়া, সানজিদা সোমা, প্রমি বড়ুয়া প্রমুখ। বাউল গান শোনান রাকিবুল ইসলাম। এ ছাড়া নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ওলটপালট নামে নাটক মঞ্চস্থ করে।
উদীচীর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, বসন্তকে আগেই স্বাগত জানাতে পয়লা ফাল্গুনের আগের দিন এবার উৎসবের আয়োজন করেছেন তাঁরা।