চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসিডপানে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গতকাল সোমবার দুপুরে এসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাতে ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। রসায়ন গবেষণাগারে ব্যবহারিক ক্লাসের এক ফাঁকে তিনি নাইট্রিক এসিডের বোতল নিয়ে বেরিয়ে পড়েন। ভবনের সিঁড়ির নিচে চুপিসারে এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে পাঠায়।ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক খালেদ মিসবাহুজ্জামান ওই ছাত্রীর এসিডপানে আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিমানে করে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন বলেন, ‘ব্যক্তিগত কারণে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।