চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাল থেকে ক্লাস বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাল শনিবার থেকে সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ধিত ফি-বিরোধী সাধারণ ছাত্রছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার দুুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে শাটল ট্রেন চলাচল করতে পারবে বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে: অবিলম্বে সব ধরনের বর্ধিত বেতন ও ফি প্রত্যাহার, আন্দোলনকারী ছাত্র সুজন কুমার দের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্দোলনকারী কোনো ছাত্রছাত্রীকে প্রশাসনিক হয়রানি না করা। দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া না হলে শনিবার থেকে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বর্ধিত ফি-বিরোধী সাধারণ ছাত্রছাত্রীদের সমন্বয়ক তবারক হোসেন।প্রসঙ্গত, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত সোমবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে একজন সহকারী প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওই দিন লোকপ্রশাসন দ্বিতীয় বর্ষের ছাত্র সুজন কান্তি দেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় পাঁচ ছাত্রকে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকের ফটকে তালা লাগিয়ে অবরোধ করেন। এতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত ইতিহাস বিভাগের অধ্যাপক হায়াত হোসেন আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এরপর শিক্ষার্থীরা ব্যবসা প্রশাসন অনুষদের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ অনুষদে পরীক্ষা হওয়ার খবরে তাঁরা প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।তবে প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীদের দাবি প্রশাসনের কাছে এখনো পেশ করা হয়নি। তাই দাবিগুলো আমাদের জানা নেই।’ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ: শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অতিরিক্ত ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্র জানায়, ক্যাম্পাসে স্বাভাবিক সময়ে দুই প্লাটুন পুলিশ নিয়মিতভাবে ছিল।