চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর গতকাল রোববার থেকে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। গতকাল বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের আসা-যাওয়া বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ এখন সম্পূর্ণ স্বাভাবিক। ক্লাস ও পরীক্ষা চলছে।’ উপাচার্য যেকোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জমান হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস অবরোধ কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। কর্তৃপক্ষ পুলিশ পাহারা ও প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসসহ বেশকিছু বাসে হামলা ও ভাঙচুর চালায় ও আগুন দেয়। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের সমঝোতা বৈঠকের পর ছাত্রলীগ অবরোধ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।