চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচি স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল শনিবার রাতে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে ছাত্রলীগ তাদের অবরোধ কর্মসূচি আজ রোববার থেকে স্থগিত করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর মোহাম্মদ জসীম উদ্দিন এবং ছাত্রলীগের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন নেতৃত্ব দেন। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এ বৈঠক হয়। বৈঠকে ছাত্রলীগের নেতারা তাঁদের কর্মী মো. আসাদুজ্জামানের হত্যাকারীদের গ্রেপ্তার, আবাসিক হলগুলোয় সহ-অবস্থান নিশ্চিতকরণসহ কয়েকটি দাবি প্রশাসনের কাছে তুলে ধরেন। তবে তাঁরা উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি বৈঠকে তুলেছেন কি না জানা যায়নি।গত ১৫ এপ্রিল আসাদকে রেললাইনের ওপর দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তিনি মারা যান। এর পর থেকে ছাত্রলীগ আসাদের হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে লাগাতার অবরোধের ডাক দেয়।