চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নতুন হল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পৃথক আরেকটি হল নির্মাণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী নতুন হলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হলটির নাম ‘বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ছাত্রী হল’।
ক্যাম্পাসের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশে পাঁচতলা এই হলে ২২৫ জন ছাত্রী থাকতে পারবেন। প্রথম পর্যায়ে চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে। প্রতি তলায় রান্নাঘর, লন্ড্রি, পারলার ও প্রার্থনা কক্ষ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। দেড় বছরের মধ্যে হলের নির্মাণকাজ শেষ হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, ডিনস কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল মনছুর, প্রক্টর আলী আজগর চৌধুরী, পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবু সাঈদ হোসেন বক্তব্য দেন।