চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের উদ্যোগে জিইবি উৎসব উপলক্ষে ১ জুন দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল তথ্যচিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মানবসম্পদ গড়তে যে টাকা ব্যয় করা হয়, সেটি খরচ হিসেবে ধরা যাবে না। সেটি বিনিয়োগ। এর মাধ্যমে দেশ ও জাতি লাভবান হয়।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান, সহযোগী অধ্যাপক নাজনীন নাহার ইসলাম, সহকারী অধ্যাপক এ এম আবু আহমেদ ও সাবরিনা শামীন আলম।