চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোড়া খুনের মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ তদন্তের পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী খুনের মামলায় অপরাধীদের শনাক্ত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চূড়ান্ত প্রতিবেদনে প্রায় চার বছর আগের জোড়া খুনের ওই ঘটনায় করা মামলার ৮৬ জন আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। আসামিরা সবাই ছাত্রলীগ ও শিবিরের নেতা-কর্মী। আগামী বৃহস্পতিবার এ মামলায় সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারে।
২০১২ সালের ৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে দুই শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম ও মাসুদ বিন হাবিব মারা যান। মুজাহিদকে তখন নিজেদের কর্মী দাবি করেছিল ছাত্রলীগ। নিহত মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের এবং মাসুদ ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মোশাররফ হোসাইন গতকাল রোববার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে জোড়া খুনের ঘটনায় খুনিদের শনাক্ত করা না যাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে। গত সপ্তাহে সিআইডির সদর দপ্তর থেকে এটির অনুমোদন পাওয়া গেছে।
তবে খুনের মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে পুলিশ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক। তিনি বলেন, সংঘর্ষে অংশ নেওয়া কেউ না কেউ দুই ছাত্রকে খুন করেছে। খুনিদের শনাক্ত করা পুলিশের দায়িত্ব। যে দলেরই হোক, খুনিদের আইনের আওতায় আনা উচিত। নইলে শিক্ষাঙ্গনে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।
ওই হত্যাকাণ্ডের পরদিন ছাত্রলীগের কর্মী মাহমুদুল হাছান বাদী হয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের তৎকালীন সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক ইমরুল হাছানসহ ৪৪ জনকে আসামি করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের চার দিন পর মুজাহিদের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তানজীম হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার, সহসভাপতি সাফায়েত বিল্লাহসহ ৪২ জনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে হাটহাজারী থানার পুলিশ এই ৪২ জনকেও মামলার আসামি করে।
মামলাটি প্রথমে তদন্ত করে হাটহাজারী থানার পুলিশ। তবে ঘটনার চার মাস পর তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া ও দেবপ্রিয় দাস প্রথমে তদন্ত করেন। সর্বশেষ তদন্ত করেন সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মিতশ্রী বড়ুয়া।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মিতশ্রী বড়ুয়া গতকাল সকালে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র খুন হয়েছেন সত্য, কিন্তু এ খুনের ঘটনায় কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না। খুনিদের শনাক্ত করা না গেলে এবং সাক্ষী না পেলে কাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।
দীর্ঘ তদন্তেও কেন খুনিদের শনাক্ত করা যায়নি, এ প্রশ্নের জবাবে মিতশ্রী বড়ুয়া বলেন, এ মামলায় ছাত্রলীগ ও শিবিরের ৮৬ জনকে আসামি করা হয়েছে। কিন্তু তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রভাবশালী হওয়ায় হয়তো ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থীরা সাক্ষ্য দিচ্ছেন না। অনেককে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও কেউ মুখ খুলছেন না। তিনি বলেন, চূড়ান্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া হতে পারে।
জোড়া ওই খুনের ঘটনার জন্য তখন ছাত্রলীগ ও শিবির এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেছিল। ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু (ঘটনার সময় সাংগঠনিক সম্পাদক) গতকাল প্রথম আলোকে বলেন, সেদিন শিবিরই সংঘর্ষ শুরু করেছিল। তাদের গুলি ও কোপে দুই ছাত্র মারা গেছেন। তাই তাদের মামলার আসামি করা উচিত।
তবে অভিযোগ অস্বীকার করে শিবির বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি (ঘটনার সময় সাংগঠনিক সম্পাদক) মোস্তাফিজুর রহমান বলেন, দুই ছাত্র নিহতের ঘটনায় ছাত্রলীগ দায়ী। তাই তাদের এ মামলায় আসামি করা উচিত।