চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন আজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিন নির্বাচন আজ সোমবার। এ নির্বাচনে তিনটি প্যানেলের ১২ প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। আইন অনুষদে হলুদ প্যানেলের প্রার্থী অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর আগে দুই দফায় অগ্রিম ভোট গ্রহণ করা হয়। এতে ৮৮ জন শিক্ষক ভোট দেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক ফোরাম (হলুদ প্যানেল) সাতটি অনুষদে, জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল) পাঁচটি অনুষদে এবং হলুদ প্যানেল ভেঙে সৃষ্ট ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদ’ একটি অনুষদের ডিন নির্বাচনে অংশ নিচ্ছে।