চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ ফার্মেসি এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষা কার্যক্রম ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে। আজ শুক্রবার থেকে বিভাগ দুটিতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। মুঠোফোনে ভর্তির আবেদন নেওয়া হবে ৩১ অক্টোবর পর্যন্ত।সূত্র জানায়, ফার্মেসি বিভাগে আসন ২৫টি এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১০টি। ২০০৭ থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১০ ও ২০১১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন ফি ৪০০ টাকা।ফার্মেসি বিভাগে আবেদনের জন্য শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ-৭ থাকতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ থাকতে হবে। আর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে আবেদনের জন্য উভয় পরীক্ষায় মোট জিপিএ-৫ দশমিক ৫ থাকতে হবে এবং উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে।উল্লেখ্য, যাঁরা এর আগে এইচ-১ ইউনিটে আবেদন করেছেন এবং ফার্মেসি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।