চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় প্রক্টর পদে পরিবর্তন এনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিন বছরের বেশি সময় ধরে প্রক্টর থাকা সিরাজ উদ দৌল্লাহ গতকাল বৃহস্পতিবার সকালে দায়িত্ব ছেড়ে দেন। দুই ঘণ্টা পরই যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরীকে প্রক্টরের দায়িত্ব দেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
জানতে চাইলে সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি পদত্যাগ করিনি। প্রক্টরের দায়িত্ব অন্য কোনো সহকর্মীকে প্রদান করতে অনুরোধ করেছি।’ হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন, এই প্রশ্নে তিনি বলেন, ‘২০১৩ সালের মে মাস থেকে আমি লোকপ্রশাসন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছি। আর ২০১২ সালের মার্চ মাস থেকে প্রক্টরের দায়িত্ব পালন করছি। সবকিছু মিলিয়ে আমার জন্য খুব চাপ হয়ে যাচ্ছিল। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’
উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সিরাজ উদ দৌল্লাহ প্রক্টর হিসেবে নতুন কাউকে দায়িত্ব দিতে অনুরোধ করেছেন।