চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎসব উদ্যাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিল সাজে। আয়োজন করা হয় দিনব্যাপী উৎসবমালা। গত শনিবার উৎসবের সূচনা ঘটে শোভাযাত্রার মাধ্যমে। ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে বের হওয়া শোভাযাত্রা প্রদক্ষিণ করে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকের সমাবেশে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বর্ণিল এ শোভাযাত্রা শেষ হয় জারুলতলায়। এবারের উৎসবের মূল মঞ্চ ছিল জারুলতলায়। শোভাযাত্রা শেষে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরীসহ অন্য শিক্ষকেরা। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু, কল্যাণী ঘোষসহ বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা। নাট্যকলা বিভাগ পরিবেশন করে পরীবানু নাটক। এ ছাড়া রম্যবিতর্ক, উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, বাউল গান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ক্যাম্পাাসের বিভিন্ন স্থানে চলে বলী খেলা, কাবাডি খেলা, পুতুল নাচ। ক্যাম্পাসজুড়ে বসে লোকজ মেলা। চট্টগ্রাম কলেজ: চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের লিচুতলায় অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো বর্ষবরণ উৎসব। উদ্বোধন-আলোচনা-আনুষ্ঠানিকতা ছাড়া পালিত হয় ব্যতিক্রমী এ উৎসব। এছাড়া নানা কর্মসূচির আয়োজন করে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়।