চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ে আগুন অসংখ্য গাছ পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার বিকেলে বাণিজ্য অনুষদ (বিবিএ) ভবনের পাশের পাহাড়ে আগুন লেগেছে। পরে তা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও সমাজবিজ্ঞান ভবনের আশপাশের পাহাড়ে ছড়িয়ে পড়ে। এতে বিপুল ক্ষতির আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, বিকেলের দিকে কাটা পাহাড়ে আগুন লেগেছে। কেউ অসৎ উদ্দেশ্যে এ কাণ্ড ঘটাতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের আনা হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মান্নান পাটোয়ারী বলেন, পাহাড় উঁচু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগুনে বিভিন্ন প্রজাতির গাছ, হরিণ ও পাখির বাসা পুড়ে গেছে। পাহাড়গুলোতে বনায়ন করার কারণে নানা প্রজাতির জীবজন্তুর নিরাপদ আবাস গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ কামাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে গর্জন, চাপালিশ, সেগুন ও ঢাকি জামের কয়েকটি বাগান আছে। মনে হচ্ছে, আগুনে বাগানের বেশির ভাগ গাছ পুড়ে গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে। পাশাপাশি হরিণ, পাখিসহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু নিরাপদ আশ্রয়স্থল হারাতে পারে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, কেউ অসৎ উদ্দেশে পাহাড়ে আগুন লাগাতে পারে।