চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত এই প্রতিকৃতির আশপাশের জায়গার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু চত্বর। গতকাল বুধবার এটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক কামরুল হুদা প্রথম আলোকে বলেন, গত ২১ দিনে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। এটির ডিজাইন করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী মোহাম্মদ জসিম উদ্দিন। গতকাল থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বেলা ১১টায় এটির উদ্বোধন করার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আধুনিক মানবিক রাষ্ট্রের বিশ্বকোষ। বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তির নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। এ মহাপুরুষের গৌরবদীপ্ত জীবনধারার অনেক কিছুই এখনো আমাদের কাছে অজানা। তরুণ শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হলো। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হলো আরও একটি গৌরবদীপ্ত অধ্যায়। আর সেই ইতিহাসের সাক্ষী হলাম আমরা সবাই।’
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষকনেতা, বিভিন্ন পর্ষদের দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যরা, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আবু দাউদ মুহাম্মদ।