চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার সকালে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
উপাচার্য বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. রাশেদ বিন আমিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, এবারের প্রতিযোগিতায় ছাত্রদের ১৮টি ইভেন্টে ১৪২ জন এবং ছাত্রীদের ১০টি ইভেন্টে ৩০ জন অংশ নিচ্ছেন। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।