চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধনে আজ সোমবার হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় শিক্ষকদের হাতে থাকা দুটি ব্যানারে আগুন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

শিক্ষকদের রক্ষায় এগিয়ে এলে ছাত্রদলের দুই নেতাকে পুলিশের সামনেই বেধড়ক পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনার পরে ক্যাম্পাসের রেল গেইট এলাকায় রাস্তা অবরোধ করে একটি গাড়ি ভাঙচুর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদ ও জিয়া পরিষদের যৌথ উদ্যোগে বিএনপিপন্থী শিক্ষকেরা সকাল সাড়ে নয়টার দিকে স্বাধীনতা ভাস্কর্যে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তাঁরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। এতে ছাত্রদলের নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা একাত্মতা ঘোষণা করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে শিক্ষকদের হাতে থাকা দুটি ব্যানার কেড়ে নিয়ে তাঁদের ওপর হামলা চালান। সেখানে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম ও ছাত্রদলের নেতা মু. ইয়াছিনকে বেধড়ক মারধর করেন। সাংবাদিকেরা ছবি তুলতে গেলে ছাত্রলীগের সনেট ও জাহিদ নামের দুই কর্মী তাঁদের লাঞ্ছিত করেন।

জিয়া পরিষদের সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। আমাদের সামনেই দুই ছাত্রদল নেতাকে মারধর করলো। সভ্য দেশে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার একটি ন্যক্কারজনক ঘটনা।’

তবে শিক্ষকদের ওপর হামলার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী বলেন, ‘মানববন্ধনে উপস্থিত কিছু ছাত্রদল নেতা উসকানিমূলক বক্তব্য দিলে ছাত্রলীগ নেতারা তাদের বাধা দেয়। আমরা ছাত্রদলকে বাদ দিয়ে কর্মসূচি পালন করতে শিক্ষকদের অনুরোধ করি।’

এদিকে ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় রাস্তায় গাছ ফেলে অবরোধ করে শিক্ষকবাহী একটি গাড়ি ভাঙচুর করেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান বলেন, ‘অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করায় তা আমাদের জানা ছিল না। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।’