চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিপিএড কোর্স চালু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো চালু করেছে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্স। সমাজবিজ্ঞান অনুষদের অধীনে আজ বুধবার থেকে এক বছর মেয়াদি এই কোর্সের ক্লাস শুরু হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ ধরনের কোর্স চালুর ঘটনা প্রথম বলে চবি কর্তৃপক্ষ দাবি করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চবি উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত ও শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ রুহুল আমিন খান।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর কোর্সটি শুরু হবে জানুয়ারিতে। শেষ হবে ডিসেম্বরে। গ্রেডিং পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। এক হাজার ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে ৫০০ নম্বরের তত্ত্বীয়, ৫০০ নম্বরের ব্যবহারিক এবং ১০০ নম্বরের স্পোর্টস স্পেলাইজেশন।স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ভর্তির যোগ্য হবেন। এ জন্য জিপিএ ২ দশমিক ৫ পাওয়া লাগবে। আসনসংখ্যা ২০টি।