চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল শনিবার বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এক সপ্তাহের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, দেড় মাস বন্ধ থাকার পর গতকাল বিশ্ববিদ্যালয় খুলেছে। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন। এসব কর্মসূচির মধ্যে কর্তৃপক্ষ বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা আংশিক হয়েছে।গত ২৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৫৯তম সিন্ডিকেট সভায় বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালে ২ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কিছু মুখোশধারী যুবক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। এ অবস্থায় জরুরি সিন্ডিকেট সভায় রমজান মাস ও ঈদের ছুটি এগিয়ে এনে ওই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্ধিত বেতন-ফির ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল সকালে সাড়ে ১০টার দিকে সহ-উপাচার্যের দপ্তরে ডিন কমিটির জরুরি বৈঠক বসে। বৈঠকে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত এবং বিষয়টি পর্যালোচনা করতে নয় সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্তকে রিভিউ কমিটির আহ্বায়ক করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন বলেন, বর্ধিত বেতন-ফির বিষয়টি পুনর্বিবেচনার জন্য রিভিউ কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক জ্যোতি প্রকাশ বলেন, ‘বিষয়টি পুনর্বিবেচনার জন্য সবাইকে নিয়ে বসব।’ এর আগে সকালে শিক্ষার্থীরা চাকসু ভবনের সামনে জড়ো হয়ে কালো পতাকা মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে চাকসু ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করলেও ‘বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের সমন্বয়ক তবারক হোসেন বলেন, ‘প্রশাসন আমাদের ছয় দফা দাবি বিবেচনা না করে শুধু বেতন-ফির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কর্মসূচির মধ্যে আছে বিভিন্ন অনুষদ ভবনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল, আলোকচিত্র, ব্যঙ্গচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, গণস্বাক্ষর সংগ্রহ ইত্যাদি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না।