ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের কারণে টানা ৩৮ দিন বন্ধ থাকার পর আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে। বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সব ক্লাস-পরীক্ষা আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইসলামী ছাত্রশিবির চার দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে গতকাল শনিবার বিকেলে নগরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে বৈঠক করেছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নগর থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাটল ট্রেন ও বাস চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা চেয়েছেন উপাচার্য। জানা গেছে, শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শাটল ট্রেন চলাচল করছে। এদিকে শুক্রবার সকালে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। তবে হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ওই দিন দুপুরে শাহ আমানত হল সিলগালা করে দেওয়া হয়। গতকাল শনিবার এ হল খোলার ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই আবাসিক হলটি খুলে দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম চলবে।’গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় এবং সব ক্লাস-পরীক্ষা ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এদিকে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে বর্তমানে প্রায় ৪৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন।