চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টারদা স্মারক বক্তৃতা হচ্ছে
ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনের স্মরণে স্মারক বক্তৃতা আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রায় ১০ বছর আগে সিন্ডিকেটের ৩৭০তম সভার ৫৯ নম্বর সিদ্ধান্তে ওই বক্তৃতা প্রতিবছর করার প্রস্তাব গৃহীত হয়েছিল।জানা যায়, ২০০১ সালের ২৫ মে অনুষ্ঠিত সভায় ওই প্রস্তাব গৃহীত হয়। পরে ওই বছরের ২১ জুলাই বিনোদ বিহারী তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেনের কাছে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। কিন্তু নানা কারণে ১০ বছরেও এই স্মারক বক্তৃতা শুরু করা যায়নি। পরে বিনোদ বিহারী চৌধুরী ২০১০ সালে ৪ এপ্রিল আরও এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। দেশের বাইরে থাকায় স্মারক বক্তৃতা আয়োজনের ব্যাপারে বিনোদ বিহারীর অনুভূতি জানা সম্ভব হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাংলাদেশ ইতিহাস সমিতির বার্ষিক সম্মেলন উপলক্ষে এবার মাস্টারদা সূর্য সেন স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। যৌথভাবে সম্মেলন আয়োজন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইতিহাস সমিতি ঢাকা ও চট্টগ্রাম চ্যাপ্টার।গত বছর সিন্ডিকেটের ৪৬৫তম সভায় ২৬ নম্বর সিদ্ধান্তে এ বক্তৃতা আয়োজন করতে ইতিহাস বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। এ জন্য একটি বিশেষ কমিটি করা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন বলেন, সদ্য প্রয়াত উপাচার্য আবু ইউসুফ গত বছর এ স্মারক বক্তৃতা আয়োজন করতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে সম্ভব হয়নি।