চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদনহীন ছুটিতে থাকায় একজন শিক্ষককে এবং দুর্নীতির অভিযোগে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুত ওই শিক্ষক হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক জয়নাল আবেদীন। আর কর্মকর্তা হচ্ছেন পরিবহন দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ ফয়েজুল্লাহ।গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৭০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন।বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এ কে এম তফজল হক সভায় শিক্ষক ও একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁরা আর বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক জয়নাল আবেদীন ২০০৫ সালের ২৫ আগস্ট থেকে অনুমোদনহীন ছুটিতে আছেন। এ জন্য কর্তৃপক্ষ তাঁর ব্যাপারে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রচার করে ও কারণ দর্শাও নোটিশ দেয়। কিন্তু যথাসময়ে তিনি সেই নোটিশের জবাব দেননি।সূত্রমতে, পরিবহন দপ্তরের কর্মকর্তা ফয়েজুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গাড়ি মেরামতের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল। এর আগেও ফয়েজুল্লাহ দুইবার চাকরিচ্যুত হন। কিন্তু আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তিনি চাকরি করেন।