চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। গত সোমবার এ প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে। তবে প্রতিবেদনের বিষয় নিয়ে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। সংঘর্ষের পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, কমিটি ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। পরে প্রতিবেদন জমা দিতে অতিরিক্ত সাত দিন সময় নেয়। ওই সময়েও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় কমিটি। দ্বিতীয় দফায় কমিটি আরও অতিরিক্ত ১০ দিন বাড়তি সময় নেয়। তবে ১০ দিন পূর্ণ হওয়ার আগেই কমিটি গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুরুল আনোয়ার কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি এক দিন ‘ধৈর্য ধরার’ পরামর্শ দেন। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।