চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সামাজিক গবেষণা বিশেষ গুরুত্ব রাখে। জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রার এই যুগে সমাজ পরিবর্তনে প্রয়োজন মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য মানবসম্পদ। গতকাল বুধবার সকালে ‘কালান্তরের মুখোমুখি: উত্তরণের পথ সন্ধান’ শীর্ষক একটি জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘একবিংশ শতাব্দীতে জ্ঞান-বিজ্ঞানে এ বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আমাদের আরও এগিয়ে যেতে হবে।’
সেমিনারে ‘বাঙালির কালান্তর: কালান্তরের বিশ্বায়ন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি-সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, গোটা বিশ্বজুড়েই যেন কালান্তর চলছে। এর ইতিবাচক দিক হলো প্রযুক্তি। বিশেষত তথ্যপ্রযুক্তির প্রভাবে, জাতি-দেশ-ইতিহাসনির্বিশেষে মানুষের জানা-বোঝা ও আলোচনার ক্ষেত্রগুলো সবার জন্য উন্মুক্ত হয়েছে। এতে একটি সাধারণ ঐক্যের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ অবারিত করার মাধ্যমে মহা-আনন্দময় মুক্তির স্বাদ গ্রহণ করা সবার লক্ষ্য হওয়া উচিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্যের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ভূঁইয়া মনোয়ার কবীর, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহীবুল আজিজ, অধ্যাপক মুহাম্মদ আলা উদ্দিন প্রমুখ।