চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলুদ প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের ‘হলুদ’ প্যানেলের নিরঙ্কুশ জয় হয়েছে। সমিতির ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয়ী হন এই প্যানেলের প্রার্থীরা। আর বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের ‘সাদা’ প্যানেলের সভাপতি ও কোষাধ্যক্ষ পদপ্রার্থীরা জয়ী হন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৬৬৭ জন শিক্ষকের মধ্যে ৫৭২ জন ভোট দেন। গত বছরের নির্বাচনে হলুদ প্যানেল ১১টি পদের মধ্যে ১০টিতে জয়ী হয়েছিল।এবারের নির্বাচনে দর্শন বিভাগের অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী ২৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। এই পদে হলুদ প্যানেলের সভাপতি প্রার্থী রসায়নবিজ্ঞান বিভাগের অধ্যাপক বেণু কুমার দে পেয়েছেন ২৭৪ ভোট।আর যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী ৩০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে সাদা প্যানেলের প্রার্থী শেখ বখতিয়ার উদ্দিন পেয়েছেন ২৪৯ ভোট। নির্বাচনে সহসভাপতি পদে হলুদ প্যানেলের প্রার্থী ব্যবস্থাপনা বিভাগের মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের রবিউল হাসান ভূঁইয়া এবং ছয় সদস্য পদে জেরিন আখতার, জীবন চন্দ্র পাল, মাহবুবুর রহমান, শ্যামল রঞ্জন চক্রবর্তী, মো. সহিদ উল্লাহ, সিরাজ উদ-দৌলাহ জয়ী হয়েছেন। আর কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থী অর্থনীতি বিভাগের মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ী হয়েছেন।