চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা গবেষণাকেন্দ্রের যাত্রা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা নদী নিয়ে গবেষণাকেন্দ্র চালু হয়েছে। গতকাল রোববার জীববিজ্ঞান অনুষদের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে গবেষণাকেন্দ্রটির উদ্বোধন করা হয়। একটি নদী নিয়ে বাংলাদেশে এটিই প্রথম গবেষণাকেন্দ্র বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গতকাল সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়। গবেষণাকেন্দ্রটি উদ্বোধন করেন সাবেক মুখ্যসচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘চট্টগ্রামের হালদা নদী দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কিন্তু এতে পোনার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমেছে। হালদা নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
কবির বিন আনোয়ার বলেন, নানা কারণে হালদার প্রাকৃতিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিটি নদীটি রক্ষা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তব্য শেষে তিনি ‘হালদা নদীর জীববৈচিত্র্যের’ ওপর ইসাবেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।পাশাপাশি হালদার জীববৈচিত্র্য সুরক্ষায় বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন।
উদ্বোধকের বক্তব্যে সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম বলেন, হালদাকে রক্ষা করতে হলে এর পাড়ে তামাক চাষ অচিরেই বন্ধ করতে হবে। এ জন্য সরকারি সহায়তা প্রয়োজন। হালদা রক্ষায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খায়, এমন ব্যবস্থা নিতে হবে। হালদা নদীকে বিশ্ব ঐতিহ্য ঘোষণায় প্রধানমন্ত্রীর দপ্তরের ব্যবস্থা নেওয়া উচিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি গাজী সৈয়দ মোহাম্মদ আসমতের সভাপতিত্বে ও হালদা গবেষক অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়ার সঞ্চালনায় ‘হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি’র উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য শিরীণ আখতার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, হালদা রক্ষা কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদ, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম।
হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও হালদা গবেষক অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম একক নদী গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। এ গবেষণাগারে হালদাকে নিয়ে গবেষণা করা হবে।