চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'সি-৩' ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত থাকার অভিযোগ ওঠায় মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা কমিটি।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বাণিজ্য অনুষদের ডিন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপাচার্যের মৌখিক নির্দেশে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামের ‘সি-৩’ ইউনিট (বিজ্ঞান শাখা) ভর্তি প্রার্থীর জন্য আগের ঘোষিত ৭ নভেম্বরের সাক্ষাৎকার স্থগিত করা হলো। এ-সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ বিষয়ে বাণিজ্য অনুষদের ডিন জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে আমরা মৌখিক পরীক্ষা স্থগিত করেছি। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি।’ পরীক্ষা বাতিল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কী হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত সোমবার বিকেলে বাণিজ্য অনুষদের ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর বাসায় উত্তর মেলাতে গিয়ে পরীক্ষার্থীরা দেখতে পান, প্রশ্নপত্রে ১০০টি প্রশ্নেরই সঠিক উত্তর ঝাপসা করে দেওয়া রয়েছে। পরদিন মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং সাংবাদিকদের বিষয়টি জানান। এসব জেনেও বাণিজ্য অনুষদ ভর্তি পরীক্ষা কমিটি ওই দিন সন্ধ্যায় বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ফল প্রকাশ করে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার ১ নম্বরে থাকা শিক্ষার্থী ছাড়াও অন্তত ১৫ জন অস্বাভাবিক নম্বর পেয়েছেন। প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী ১২০ নম্বরের মধ্যে পেয়েছেন ১১৮ দশমিক ৯৯ নম্বর। ১৫ জনের প্রাপ্ত নম্বর ১০০ থেকে ১১৮.৯৯-এর মধ্যে। অথচ একই অনুষদের সি-২ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১ নম্বরে থাকা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো ৮২.২। সি-১ ইউনিটের সর্বোচ্চ নম্বর উঠেছে ১০১।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে কখনোই কেউ এত নম্বর পাননি।
বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল, পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণ ও প্রশ্ন জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, প্রশ্নে জালিয়াতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ঘটেছে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ইতিহাসের জন্য একটি ন্যক্কারজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা ছাড়া এ ধরনের জালিয়াতি অসম্ভব। প্রশাসনে যেসব ব্যক্তি এই জালিয়াতির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্রফ্রন্টের সভাপতি ফজলে রাব্বি, ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ফজল হাবিব বালিয়া, সালমা আক্তার, মাহাবুবা জাহান রুমি প্রমুখ।