চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভুভুজেলা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরীণ আখতার, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, হাটহাজারী সার্কেলের এএসপি মশিউদ্দোলা রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিকেল পাঁচটার মধ্যেই ক্যাম্পাসে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত হয়। বিকেল পাঁচটার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বহিরাগত ব্যক্তিদের ক্যাম্পাসে অবস্থান না করতে দেওয়ারও সিদ্ধান্ত হয়। এ ছাড়া সেদিন ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবে সবাই যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে, সে জন্যই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পয়লা বৈশাখে ১৫০ জন পুলিশ সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পুলিশের ভ্রাম্যমাণ দল টহল দেবে।