চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম সৌরভ মজুমদার। তিনি অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।পুলিশ জানায়, সৌরভ হাটহাজারী উপজেলার চৌধুরীহাট মিশন ছাত্রাবাসে থাকতেন। গতকাল বিকেলে ছাত্রাবাসে নিজ কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।সৌরভের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার উত্তর মাস্টারপাড়ায়। তাঁর বাবার নাম উত্তম মজুমদার।জানা যায়, সৌরভের সঙ্গে ছাত্রাবাসের একই কক্ষে থাকতেন রাহুল বিশ্বাস। তিনি বিকেলে বাইরে থেকে এসে কক্ষটি ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পর কেউ সাড়া না দিলে তিনি ছাত্রাবাসের অন্য ছাত্রদের নিয়ে আসেন। তাঁরা পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে সৌরভের লাশ উদ্ধার করে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামিউল আলম বলেন, সৌরভ সম্ভবত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি একটি চিঠি লিখে গেছেন। তাতে আত্মহত্যা একটি মহাপাপ উল্লেখ করে লিখেছেন, ‘আমি আমার পরম শত্রুকে হত্যা করলাম।’