চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে বর্ণাঢ্য উৎসব পালন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ণাঢ্য উৎসব (কার্নিভাল) পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবে এভারেস্টজয়ী এম এ মুহিত উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম সকালে উৎসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিভাগে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ভৌতবিজ্ঞানী ও প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন আবুল কালাম আজাদ। সিএসই বিভাগের সভাপতি হানিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. নুরুল মোস্তফা।উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে কম্পিউটার বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন করার আশ্বাস দেন।প্রথম কার্নিভালে দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের নয়টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেয়। এ ছাড়া দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল কর্মশালা, সফটওয়্যার প্রদর্শনী, সাবেক শিক্ষার্থীদের চাকরির অভিজ্ঞতা বিনিময়। এর আগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কার্নিভালের শুরু হয়।