আর্থিক ক্ষতিপূরণসহ ছাত্রদের আট দফা দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার ঘটনায় মামলা
চট্টগ্রাম মহানগরের মুরাদপুর এলাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) অরুণ বিশ্বাস বাদী হয়ে বাসের মালিক ও চালক এবং চালকের সহকারীকে আসামি করে গত মঙ্গলবার রাতে মামলাটি করেন।নিহত ওই ছাত্রের নাম সরোয়ার কামাল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গতকাল বুধবার সকালে তাঁর লাশ গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী গ্রামে নিয়ে যাওয়া হয়। দুপুুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য, কামালের সহপাঠী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে যৌথ বৈঠক হয়। এতে পুলিশ প্রশাসনের পক্ষে উপকমিশনার (উত্তর) আমেনা বেগম, ওসি নবজ্যোতি খীসা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর আকতার হোসেন ও প্রক্টরিয়ার বডির সদস্য, শিক্ষার্থীদের সাতজন প্রতিনিধি এবং পরিবহন মালিক পক্ষের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।আট দফা দাবি: বৈঠকে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে আট দফা দাবি দেন শিক্ষার্থীরা। দাবির মধ্যে রয়েছে—নিহত কামালের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান, তাঁর পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি দেওয়া, নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভার কামালের নামে নামকরণ, গাড়িচালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি ইত্যাদি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সভাপতি ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘কামালের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আট দফা দাবি দিয়েছি। সংশ্লিষ্ট প্রশাসন দাবি বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে।’ উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘বাসের চালক ও মালিককে শনাক্ত করার চেষ্টা করছি। ঘটনার রাতে ছাত্রদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনা তদন্ত করে দেখা হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে এবং আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর মুরাদপুর এলাকায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা দুই দফা সড়ক অবরোধ করে। পরে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকালে পুলিশের লাঠিপেটায় দুই ছাত্র আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বাপ্পী পাল ও তবারক হোসেন নামের দুজন ছাত্রকে আটক করে। অবশ্য রাত ১২টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।