দুই ছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব মেডিকেল থেকে গ্রেপ্তার
চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রের নাম সাকিব ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রের হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, সাকিব বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। প্রায় এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এম এম মহিউদ্দিন ও হারুনুর রশিদ খুন হওয়ার পর থেকে সাকিব পলাতক। সম্প্রতি তিনি ক্যাম্পাসে এসে থার্ড ওয়ার্ল্ড নামে ছাত্রলীগের একটি অংশের নেতৃত্ব দিতে শুরু করেন। ক্যাম্পাসে কয়েক দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে যেসব হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটছে, সাকিব তার নেপথ্যে রয়েছেন।চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী কমিশনার বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘সাকিবকে গ্রেপ্তার করতে সিআইডি ও রেল পুলিশ আমাদের অনুরোধপত্র (রিকুইজিশন) পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন হত্যা মামলা সিআইডি এবং হারুনুর রশিদ হত্যা মামলা রেল পুলিশ তদন্ত করছে।’গত বছরের ১১ ফেব্রুয়ারি নগরের ষোলশহর রেলস্টেশনে খুন হন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মহিউদ্দিন। এক মাস পর গত বছরের ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র হারুনুর রশিদের মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌধুরীহাট রেলস্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়। এ দুটি হত্যাকাণ্ডের সঙ্গে সাকিব ও তাঁর সহযোগীদের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ আছে।