চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে হকারদের সংঘর্ষ, ৬ ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় হকারদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন ছাত্র আহত হন।গতকাল সোমবার রাতে চট্টগ্রাম রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ছাড়ার আগে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা শাটল ট্রেন আটকে রাখেন। সংঘর্ষে আহত ছাত্ররা হলেন আবুবক্কর সিদ্দিকী, আশিকুর রহমান, জাকির হোসেন, আরিফ হোসেন, আসাদুজ্জামান ও বজলুর রহমান। এঁদের মধ্যে আশিকুর রহমানকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, এক ছাত্রের মুঠোফোন চুরি হলে তিনি এক হকারকে দায়ী করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে আশপাশের হকাররা লাঠিসোঁটা নিয়ে ওই ছাত্রের ওপর হামলা চালায়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টার আলোচনা শেষে রাত ১০টায় ট্রেনটি ছাত্রদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, সংঘর্ষের একপর্যায়ে হকাররা ট্রেনের বগিতে উঠে ছাত্রদের ওপর হামলা চালায়। এতে ছয় ছাত্র আহত হন। এ সময় একটি ল্যাপটপ খোয়া যায়। সেটি আর পাওয়া যায়নি। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জোটবদ্ধ হলেও হকাররা সরে যায়।